ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

কেরানীগঞ্জে অপহৃত অটোরিকশা চালক উদ্ধার, গ্রেপ্তার ৪

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অটোরিকশাচালক মো. সুন্দর আলী (৪৬) কে অপহরণ করে তাঁর পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে অপহরণ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। একই অভিযানে শুভাঢ্যা এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় সুন্দর আলীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. কুদ্দুস মিয়া (৩৮), মো. জুয়েল রানা ওরফে কুত্তা জুয়েল (৪০), মো. রাকিব হাওলাদার (২৬) এবং মো. অপু মীর ওরফে বায়জিদ (৩৫)।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অতিরিক্ত পুলিশ সুপার (ল' অফিসার) সোনালী সেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত রোববার (১৯ জুলাই) বিকেলে দ্বিতীয় বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সুন্দর আলী। গোলামবাজার থেকে রামেরকান্দা যাওয়ার পথে ধর্মশুর এলাকায় পৌঁছালে অপহরণকারীরা তাঁর অটোরিকশার গতিরোধ করে। পরে তাঁকে মারধর করে জোরপূর্বক অন্য একটি অটোরিকশায় তুলে রামেরকান্দা বালুর মাঠ এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে চেতনানাশক ওষুধ খাইয়ে ভয়ভীতি দেখিয়ে পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে রাতে তাঁকে আসামি রাকিব হাওলাদারের শুভাঢ্যা এলাকার ভাড়া বাসায় নিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় পরিবারের সদস্যদের কাছ থেকে দুই দফায় নগদের মাধ্যমে ৪৪ হাজার টাকা আদায় করা হলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি। বরং প্রাণনাশের হুমকি দিয়ে আরও টাকা দাবি করা হয়।

সোনালী সেন বলেন, ভুক্তভোগীর স্বজনেরা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করার পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালায় র‍্যাব-১০। গতকাল সোমবার দুপুরে শুভাঢ্যা এলাকার একটি ভাড়া বাসা থেকে সুন্দর আলীকে উদ্ধার করা হয়। একই সময় অপহরণে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার কুদ্দুস মিয়ার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলাসহ চারটি, জুয়েল রানার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা, রাকিব হাওলাদারের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি এবং অপু মীরের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও নারী ও শিশু নির্যাতন আইনের চারটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram