ঢাকা
logo
প্রকাশিত : July 21, 2026

কাঠালিয়া উপজেলার একমাত্র সড়কটি চলাচল অনুপযোগী, চরম দুর্ভোগে উপজেলাবাসী

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চলাচলের প্রধান সড়কটি খানাখন্দে বেহাল অবস্থার সৃষ্টি হওয়ায় দীর্ঘদিন যাবৎ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী, রোগী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দ্রুত সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে উপজেলা পরিষদ হয়ে লঞ্চঘাট পর্যন্ত দীর্ঘ এ সড়কটি উপজেলা পরিষদের যাতায়াতের প্রধান রাস্তা।

এ রাস্তাটি দীর্ঘদিন যাবৎ ব্যবহার অনুযোগী হয়ে পড়েছে। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তে সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে, কাঁদা পানিতে একাকার হয়ে যায়। রাস্তা দিয়ে হেটে যাওয়া মানুষের পরিধানের কাপড়ে চলন্ত গাড়ীর কাঁদা ও পানি ছিটে নষ্ট হয়ে যাচ্ছে। সরু এ রাস্তাটিতে পানি নিষ্কাসনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারন করছে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ, সাব রেজিস্ট্রি অফিস, থানা, লঞ্চঘাট, বাসস্ট্যান্ড ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতায়াত করছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের গর্তগুলো পানিতে তলিয়ে যায়। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠছে এবং পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

ক্ষুদে শিক্ষার্থী জারা বলেন, এই রাস্তাটি ভাঙ্গা, আমরা রাস্তা দিয়ে গেলে আমাদের স্কুল ড্রেস ও বই নষ্ট হয়ে যায়, তাই রাস্তাটি নতুন করে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

স্থানীয় বাজার ব্যবসায়ী মোঃ রুহুল আমিন জানান, একটু বৃষ্টি হলেই আমাদের উপজেলার রাস্তাটি পানিতে ডুবে যায়, আমার হোটেলে পানি প্রবেশ করে। পরে ইট দিয়ে হোটেলে যাতায়াত করতে হয়।

রিক্সা চালক আঃ রহমান বলেন, রাস্তাটিতে গর্ত ও ভাঙ্গা থাকায় আমার রিক্সা প্রায়ই নষ্ট হয়, সারাদিন আয় করে ৩শ থেকে ৪শ টাকা রিক্সা মেরামতেই চলে যায় সব টাকা।

স্থানীয় বাসিন্দা মোঃ মিজানুর রহমান জানান, বর্ষা মৌসুমে কাদা-পানি পাড় হয়ে শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। অনেক সময় পোশাক নষ্ট হয়ে যায় এবং দুর্ঘটনার শিকার হন।

ব্যবসায়ী মোঃ লিমন হোসেন জানান, আমাদের উপজেলা সদরে প্রবেশের এই রাস্তাটিতে সামান্য বৃষ্টি হলেও পানিতে তলিয়ে যায়, ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্রেতা ও ব্যবসায়ীরা চলাচল করতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

কাঠালিয়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান সিকদার জানান, কাঠালিয়া থানা থেকে উপজেলা পরিষদ হয়ে লঞ্চঘাট পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন যাবৎ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এ ছাড়াও রাস্তার ভিতরে বড় বড় গর্ত হওয়ায় পথচারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হন।

কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন জানান, সড়কের বেহাল অবস্থার বিষয়টি যেনে আমরা ইতোমধ্যে রাস্তাটির মেরামতের জন্য প্রাক্কলন করে স্থানীয় মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে রাস্তার সংস্কার কাজ শুরু হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram