

রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২১ জুলাই) দুপুরে নাফনদী পেরিয়ে অনুপ্রবেশকালে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা থেকে তাদের আটকের পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন–হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) ও থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং অপর দুজন দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।
রাত পৌনে ১২টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে। তাদের মধ্য একজন মিয়ানমারের সেনাসদস্য বাকি দুজন পুলিশ সদস্য।
