ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

বাবুগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকায় এক নির্মাণাধীন বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় সংঘবদ্ধ ডাকাত দল।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দক্ষিণ ভূতেরদিয়া নতুনচর এলাকার সুমন হাওলাদারের নির্মাণাধীন বসতবাড়ির ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তারা সুমন হাওলাদার, তার স্ত্রী রুমা আক্তার ও আট বছর বয়সী কন্যা সামিয়া আক্তারকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

রুমা আক্তার জানান, তার স্বামী সুমন হাওলাদার চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করেন। তিনি মেয়েকে নিয়ে বাড়িতে একাই থাকেন। রাতের বেলা মেয়ে বাথরুমে যাওয়ার জন্য ডাকলে তিনি ঘুম থেকে ওঠেন। এ সময় ঘরের ভেতরে ডাকাতদের দেখতে পেয়ে চিৎকার করার চেষ্টা করলে এক ডাকাত তার গলায় ধারালো ছুরি ধরে এবং শিশুকন্যাকে হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা ঘরে থাকা সিন্দুকের চাবি ছিনিয়ে নিয়ে সেখানে সংরক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। তবে লুট হওয়া মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক চৌকিদার বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা বাড়ছে। কার্যকর পুলিশি টহল ও নজরদারির অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। একই সঙ্গে এলাকায় মাদকসেবী ও মাদক কারবারিদের অবাধ বিচরণও উদ্বেগজনক। দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয় সমাজসেবক সরোয়ার শরীফ ও আব্দুল হাকিম বলেন, এলাকায় মাদক কারবার ও অপরাধ প্রবণতার মধ্যে সম্পর্ক রয়েছে। চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধও অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, ডাকাতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram