ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

মৌলভীবাজারের হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটক উদ্ধার

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাত এলাকায় বেড়াতে গিয়ে দিক হারিয়ে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের যৌথ প্রচেষ্টায় তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার (২০ জুলাই) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। জলপ্রপাত থেকে ফেরার পথে দুর্গম পাহাড়ি রাস্তায় দলের এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে ওই দুর্গম পথ অতিক্রম করে ফিরে আসা অসম্ভব হয়ে পড়ায় এবং অন্ধকার নেমে আসায় তারা গভীর বনে আটকা পড়েন। পরবর্তীতে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।

বিকেল ৩টার দিকে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবক ও অভিজ্ঞ স্থানীয় বাসিন্দারা। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট অভিযান চালিয়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অন্য নয়জন পর্যটক সুস্থ অবস্থায় নিজ গন্তব্যে রওনা দেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, "৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই আমরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। দুর্গম পাহাড়ি পথ হওয়া সত্ত্বেও সমন্বিত প্রচেষ্টায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।"

শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. কামরুল ইসলাম জানান, যৌথ উদ্যোগে সফল উদ্ধারের পর আহত পর্যটকের চিকিৎসাসেবা নিশ্চিত করে তাদের নিরাপদে বিদায় দেওয়া হয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফয়েজ আহমদ বলেন, "হামহাম জলপ্রপাতের পথ অত্যন্ত দুর্গম ও পিচ্ছিল। তাই পর্যটকদের অবশ্যই পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনে স্থানীয় গাইডের সহায়তা নিয়ে ভ্রমণ করা উচিত।"

রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চল এবং হামহাম জলপ্রপাত এলাকাটি অত্যন্ত দুর্গম। তাই পর্যাপ্ত প্রস্তুতি, স্থানীয় গাইড ছাড়া ভ্রমণ এবং সন্ধ্যার আগেই বনাঞ্চল ত্যাগ করার মতো প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য পর্যটকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram