ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

সাতকানিয়ায় ৬ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আলহাজ্ব শাহজাহান চৌধুরীর তত্ত্বাবধানে সোমবার (২০ জুলাই) দাইমারখীল দাখিল মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কেরানীহাট কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সহযোগিতায় আয়োজিত এ মানবিক উদ্যোগে প্রায় ৬ শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত নারী, পুরুষ, শিশু ও প্রবীণ রোগীকে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। বন্যার কারণে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসহায় মানুষ এ ক্যাম্প থেকে উপকৃত হন।

চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নেজাম উদ্দিন, ইউনিয়ন সেক্রেটারি হোছাইন আল হিশাম, মুহাম্মদ জাবেদসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, "বন্যার পর মানুষের সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো স্বাস্থ্যসেবা। অনেক পরিবার চিকিৎসার খরচ বহন করতে পারে না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে আমরা তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করেছি। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, "বন্যার পর ডায়রিয়া, জ্বর, চর্মরোগ ও পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তাই দ্রুত চিকিৎসা গ্রহণ, বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প দুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

আয়োজকরা জানান, বন্যাদুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যঝুঁকি কমানোর লক্ষ্যেই এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram