

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত অপর দুজনের অবস্থাও সংকটাপন্ন।
তিনি আরও জানান, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশাটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
