ঢাকা
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪৭
logo
প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

কালিয়ায় মধুমতী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার উত্তর খাশিয়াল এলাকায় মধুমতী নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু হয়েছে। নদীভাঙনের ঝুঁকিতে থাকা জনপদ, বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (১৯ জুলাই) নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে আনুষ্ঠানিকভাবে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় নড়াগাতী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নড়াইল কার্যালয়ের প্রতিনিধি, খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ, নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিউর রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবিরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বাসিন্দা উপস্থিত ছিলেন।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরকত উল্লাহ বলেন, মধুমতী নদীর ভাঙন উত্তর খাশিয়াল এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ। নদীভাঙনের কারণে অনেক পরিবার বসতভিটা ভেঙ্গে গেছে অনেকে হারানোর শঙ্কায় রয়েছে। জিও ব্যাগ ফেলা কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আমরা আশা করছি, দ্রুত ও সঠিকভাবে কাজটি সম্পন্ন হলে ভাঙনের ঝুঁকি অনেকটাই কমে আসবে এবং মানুষের জানমাল ও বসতভিটা আরও নিরাপদ হবে।

স্থানীয় বাসিন্দা মালেকা বেগম বলেন, দ্রুত কাজ শেষ হলে নদীভাঙনের বর্তমান ঝুঁকি অনেকাংশে কমবে। এতে নদীতীরবর্তী বসতভিটা ও সম্পদ সুরক্ষিত রাখা সম্ভব হবে।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, বর্ষা মৌসুমে নদীভাঙনের ক্ষতি কমাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে নদীতীরবর্তী জনবসতি, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি উত্তর খাশিয়াল, মহাজন ও উথালী এলাকায় দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্পের আওতায় ব্লক স্থাপনের পরিকল্পনাও রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রকল্পটি প্রাথমিকভাবে দুটি প্যাকেজের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে নদীর ভাঙনপ্রবণ এলাকায় ৩২ হাজার জিও ব্যাগ ফেলা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram