

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর চকবাজারে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়াসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—হবিগঞ্জের নবীগঞ্জের মাইকেল রোহেন মিয়া ওরফে মাইক্যাল (৩১), বানিয়াচংয়ের মো. তুহিন (২২) ও আকবর হোসেন (৩৮), আজমিরীগঞ্জের মো. আব্দুল মুমিন (৩০), মো. মাসাদ মিয়া (২৭), মো. দিদার মিয়া (২২), সানজাত হাসান (১৮), সৈরত হোসেন (১৮) এবং চট্টগ্রামের সাতকানিয়ার মো. সাইফুদ্দিন (৩২)।
র্যাব জানায়, গত ১১ জুলাই ‘ডিজিটাল ডট নেট’ (ডিডিএন)-এর স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ‘ডেভিড-ইমন’ নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তবে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান।
এরপর গত ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল পূর্বপরিকল্পিতভাবে চকবাজার এলাকার ওই ইন্টারনেট অফিসে হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসে ঢুকে আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার, মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এ সময় অফিসে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা লুট করে হামলাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ম্যানেজার বাদী হয়ে চকবাজার থানায় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলাটি ১৩ জুলাই চকবাজার থানায় দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৭, ৪৪৮, ৪২৭, ৩৮৫, ৩৮০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব-৭ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শনিবার চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হামলার অন্যতম সংগঠক মাইকেলসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
