

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের মহারণের শেষ অধ্যায় আজ। ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামছে এক মাসব্যাপী ফুটবল উন্মাদনার। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের মতো বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও মেতে উঠেছেন শেষ লড়াইয়ের উত্তেজনায়। সেই আবেগের রেশ ছড়িয়ে পড়েছে মাদারীপুরের শিবচরেও। বিশেষ করে উপজেলার কাদিরপুর এলাকায় স্পেন সমর্থকদের ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্পেনের ফাইনালে ওঠার আনন্দকে স্মরণীয় করে রাখতে স্পেন প্রবাসীদের অর্থায়নে এবং স্থানীয় সমাজসেবক আব্দুল গাফফার মুন্সী সোহাগের সার্বিক তত্ত্বাবধানে একটি মহিষ জবাই করে শতাধিক ফুটবলপ্রেমীর জন্য ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগেরও সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরো আয়োজনকে ঘিরে কাদিরপুর বাজার ও আশপাশের এলাকায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ শুরুর পর থেকেই কাদিরপুরে স্পেন সমর্থকেরা নানাভাবে নিজেদের সমর্থনের প্রকাশ ঘটিয়ে আসছেন। বিশাল আকৃতির স্পেনের পতাকা টাঙানো, ব্যানার-ফেস্টুনে এলাকা সাজানো এবং নানা আয়োজনে অংশ নেওয়ার মধ্য দিয়ে তারা ফুটবলপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রিয় দল ফাইনালে জায়গা নিশ্চিত করার পর সেই উচ্ছ্বাস যেন আরও কয়েকগুণ বেড়ে যায়। আর সেই আনন্দ ভাগাভাগি করতেই নেওয়া হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ।
আয়োজকরা জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে স্মরণীয় করে রাখতে কুষ্টিয়া থেকে প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে একটি মহিষ কেনা হয়েছে। মহিষটি জবাই করার পর প্রায় ছয় মণ মাংস পাওয়া যায়। ফাইনাল ম্যাচ উপলক্ষে কাদিরপুর বাজারে আয়োজিত ভূরিভোজে শতাধিক স্পেন সমর্থক, স্থানীয় ফুটবলপ্রেমী এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।
এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করেছেন স্পেন প্রবাসী রবি হাওলাদার, শাহিন মাদবর, কানাডা প্রবাসী মো. কালাম এবং স্থানীয় আব্দুল গাফফার মুন্সী সোহাগ। তাদের সম্মিলিত উদ্যোগে কাদিরপুরে ফুটবল উৎসব পেয়েছে ভিন্নমাত্রা।
স্থানীয় স্পেন সমর্থকেরা বলেন, "বিশ্বকাপের শুরু থেকেই আমরা স্পেনকে সমর্থন করে আসছি। প্রিয় দল ফাইনালে ওঠায় আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই এই ভূরিভোজের আয়োজন করা হয়েছে। এলাকায় বিশাল পতাকা টাঙানো হয়েছে, বড় পর্দায় খেলা দেখারও সব প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করছি, স্পেনের জয় দিয়ে এই আয়োজন আরও স্মরণীয় হয়ে থাকবে।"
ফাইনাল ম্যাচকে ঘিরে কাদিরপুরের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে। ফুটবলের প্রতি ভালোবাসা, প্রিয় দলের প্রতি অকৃত্রিম আবেগ এবং প্রবাসী-স্থানীয়দের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই ভূরিভোজ শিবচরের বিশ্বকাপ উন্মাদনায় যোগ করেছে এক অনন্য মাত্রা।
আয়োজক আব্দুল গাফফার মুন্সী সোহাগ বলেন, স্পেন সমর্থক প্রবাসী এবং আমরা যারা রয়েছি, সবার সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে। তবে রাতের ভূরিভোজে আমরা আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের সমর্থকদের নিমন্ত্রণ জানিয়েছি। সবাই একই সঙ্গে বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা উপভোগ করবো। আমাদের প্রত্যাশা আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন চ্যাম্পিয়ন হবে।
