

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতকানিয়া উপজেলা পরিবহন সেক্টরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ঢেমশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এবং কেরানীহাট এলাকার বিভিন্ন পরিবহন চালকসহ প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার কেরানীহাট সিটি সেন্টারের ২য় তলায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. মোহাম্মদ ইউনুচ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢেমশা ইউনিয়ন সভাপতি ওসমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢেমশা ইউনিয়নের সাবেক সভাপতি মাহবুব রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জাহেদ কোম্পানি, সাতকানিয়া উপজেলা যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতকানিয়া উপজেলা পরিবহন সেক্টরের আহ্বায়ক নুরুল আলম কোম্পানি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ ইউনুচ বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতা। শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। মানবসেবার এ ধারা অব্যাহত রাখতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।”
সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সাতকানিয়া উপজেলা পরিবহন সেক্টরের আহ্বায়ক নুরুল আলম কোম্পানি। তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যারা এ মানবিক উদ্যোগে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের পাশে থাকার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
