

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুণ্য লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী-শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জনগাঁও বিষ্ণুপুর এলাকার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের রথটেনে রথযাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার।
এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক জিয়াউল জিয়া, ভোমরাদহ ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবুল হোসেন, জনগাঁও বিষ্ণুপুর মন্দিরে সভাপতি মানস কুমার রায়, বিশিষ্ট সমাজসেবক ভূপেন্দ্র নাথ রায়, ইউনিয়ন যুবদলের সভাপতি আলাল উদ্দীনসহ আরো অনেকে।
রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা, গীতাপাঠ এবং ভক্তদের মাঝে ঢ়প্রসাদ বিতরণ করা হয়। শ্রী-শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা ও বলরামের বিগ্রহ সুসজ্জিত রথে আরোহণ করানো হয়। এরপর শত শত নারী-পুরুষ ও ভক্তবৃন্দ উলুধ্বনি, শঙ্খধ্বনি এবং 'হরিবোল' ধ্বনিতে চারপাশ মুখরিত করে রথের দড়ি ধরে টানতে শুরু করেন। শোভাযাত্রাটি জনগাঁও বারোয়ারী ধামে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
