

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালী উপজেলার শাপলাপুর জেএমঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইছার লিটনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই সকাল ১০ টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধান শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রধান শিক্ষকের ওপর এ ধরনের হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ র্যালি বের হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল অবিলম্বে হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
