

রশিদুল ইসলাম, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে বীজ, চারা এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, "বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যেই সরকার বিনামূল্যে সার ও বীজ সহায়তা প্রদান করছে। আমাদের লক্ষ্য কৃষিকে আধুনিক ও লাভজনক করা।"
অনুষ্ঠানে কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান, উপজেলা বিএনপি সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামিম আলী এবং জেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজা, দপ্তর সম্পাদক মোঃ মতিউর রহমান।
এ সময় স্থানীয় কৃষি দপ্তরের কর্মকর্তা ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে, সরকারি নির্দেশনায় তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের মাঝে এই প্রণোদনা সামগ্রী বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
