

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে একটি আশ্রয়ণ প্রকল্পের সরকারি বসতঘরে আগুন ধরিয়ে দেন স্বামী। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুইদিন পর আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী। সোমবার রাতে স্বামী শাহ আলম শেখ (বাবু) তার স্ত্রীর নামে বরাদ্দ পাওয়া ঘরে আগুন ধরিয়ে দেয়ার পর বুধবার আদালতের মাধ্যমে তালাক দেন স্ত্রী তাসলিমা খানম। ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গিপাড়া আশ্রয়ণ কেন্দ্রে একটি ঘর বরাদ্দ পান ভূমিহীন তাসলিমা খানম। তারপর থেকে ঐ ঘরেই দুই সন্তানকে নিয়ে বসবাস তাদের। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলে আসছিলো। এছাড়া স্বামী শাহ আলমের কাছে নিয়মিত শারীরিক নির্যাতনের শিকার হতেন স্ত্রী তাসলিমা। এর জের ধরে গত সোমবার রাতে আশ্রয়ণ প্রকল্পের বসত ঘরে আগুন ধরিয়ে দেয় শাহ আলম। পরে স্থানীয়রা আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এর দুইদিন পর বুধবার আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামী শাহ আলমকে তালাক দেন স্ত্রী তাসলিমা।
স্ত্রী তাসলিমা খানম অভিযোগ করে বলেন, স্বামী শাহ আলম শেখ (বাবু) যা রোজগার করে সেই টাকা দিয়ে নিয়মিত মাদক সেবন করতো। তিনি ভরণ-পোষণ তো দেয়ই না বরং নেশা করে উল্টো প্রায়ই মারধর করে। যে ব্যক্তি নিজের বসত ঘরে আগুন দেয়, তার সাথে বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব না।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, সরকারি যেকোন স্থাপনায় আগুন দেয়া অপরাধ। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
