

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: দীর্ঘদিনের একটি পরিত্যক্ত কক্ষকে সংস্কার করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাইব্রেরিতে রূপ দিয়েছে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশের উদ্যোগে গড়ে ওঠা এই লাইব্রেরির উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সংস্কার করা লাইব্রেরিতে পাঠ্য ও রেফারেন্স বই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, জীবনী, শিশু-কিশোর উপযোগী গ্রন্থ এবং সাময়িকী সংযোজন করা হয়েছে। পাশাপাশি আরামদায়ক বসার ব্যবস্থা, আকর্ষণীয় বুকশেলফ, পর্যাপ্ত আলো-বাতাস ও একটি ডিজিটাল কর্নারও স্থাপন করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের পাঠাভ্যাস, সৃজনশীলতা ও জ্ঞানচর্চা বিকাশের লক্ষ্যেই এই উদ্যোগ। উদ্বোধনের পর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইব্রেরি পরিদর্শন করেন।
সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ বলেন, “একসময়ের অবহেলিত একটি কক্ষ আজ জ্ঞানের আলোকবর্তিকায় পরিণত হয়েছে। এই উদ্যোগ অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হবে।”
