

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবলীগ নেতার সিগারেট ফ্যাক্টরি থেকে সিগারেট তৈরির দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই মেশিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সানকিভাঙ্গা গ্রামের বদরুল আলম ভদ্দর এর ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজের তালা ভেঙ্গে পুলিশ মেশিনটি উদ্ধার করে।
এর আগে গ্রীন টোবাকো লি. এর মালিক বিএনপি নেতা সোমনাথ দে তার ফ্যাক্টরি থেকে সিগারেট তৈরির মেশিন চুরি হয়েছে মর্মে বাগেরহাট ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত ওই অভিযোগের প্রেক্ষিতে সার্স ওয়ারেন্ট জারিসহ একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেন।
সোমনাথ দে বলেন, জুলাই বিপ্লবের পরে তার ব্যবসায়ীক পার্টনার বদরুল আলম ভদ্দর গ্রীন টোবাকে থেকে সিগারেট তৈরির দেড় কোটি টাকা মূল্যের মেশিন চুরি করে নিয়ে ক্রাউন টোবাকেতে বসায়। প্রায় দুই বছর পরে সোমনাথ দে শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে কোর্টে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট অতীশ সরকার বলেন, সোমনাথ দে তার মেশিন সনাক্ত করেছেন। সেটি ঊদ্ধার করে পুলিশের মাধ্যমে কোর্টে সোপর্দ করা হয়েছে। এদিকে নকল ডারবি সিগারেট তৈরির অভিযোগে ব্রিটিশ-আমেরিকা টোবাকো কোম্পানির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ক্রাউন টোবাকো ইন্ডাষ্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর বর্তমানে বাগেরহাট জেল হাজতে রয়েছেন।
