

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: "লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে 'ক্যাশলেস তেঁতুলিয়া, পঞ্চগড়' বিষয়ক একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লেনদেনকে জনপ্রিয় করতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি-এর তেঁতুলিয়া উপজেলা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (AGM) ও অঞ্চল/প্রশাখা ব্যবস্থাপক রবিউল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, জেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল জব্বার, এমপির প্রতিনিধি তাজউদ্দিন আহমেদ, ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করীম সিদ্দিকী।
সভায় বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের নগদ টাকার লেনদেন কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হতে হবে। পূবালী ব্যাংকের এই উদ্যোগ তেঁতুলিয়ার ব্যবসায়ী ও সাধারণ মানুষকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
উক্ত ক্যাশলেস কর্মসূচিতে স্থানীয় চাকরিজীবী, ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ব্যাংকের ডিজিটাল অ্যাপ 'PI App' এর মাধ্যমে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন দিক তুলে ধরেন।
