

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় টানা কয়েকদিনের বৃষ্টিতে পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্দি প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ দিয়েছে জেলা পরিষদ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় জেলা পরিষদের পক্ষ থেকে পানিতে জলাবদ্ধতা পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. ইসরাক আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের সচিব নজরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার, পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, সদস্য সচিব এম আনোয়ার, রিজভী আহমেদ দুলাল, নজরুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন এলাকার পানিবন্দি দুই হাজার পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, মুড়ি, গুড়সহ শুকনো খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার প্লাবিত হয়ে প্রায় দশ হাজার মানুষ পানিবন্দি হয়ে আছে প্রায় চারদিন ধরে। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও আঞ্চলিক সড়ক গুলো পানিতে ডুবে আছে। এতে বিপাকে পড়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
এদিকে বৃষ্টির পানিতে বেশিভাগ পৌর এলাকার হরতকিতলা, ডাইনকিনি, জোড়াপাম্প, মন্ডলপাড়া, উলুসারা, দীঘিরপার বটতলা. খাজাটেক, হরিনহাটি ও বিশ্বাস পাড়াসহ এসব এলাকায় বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গত দিনদিন ধরে পানিবন্দি হয়ে আছে প্রায় কয়েক হাজার পরিবার। একদিকে বৃষ্টির পানি, সেই সাথে ড্রেনের ময়লা যুক্ত হয়ে বিভিন্ন বাসা বাড়িতে প্রবেশ করে দেখা দিয়েছে পানিবাহিত রোগ। তবে এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গেলো এক মাসে টানা বৃষ্টিতে তিনবার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
