

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী, স্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্প ও আদর্শ পল্লী এলাকায় ‘ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন’-এর উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
পানিবন্দি এলাকার মানুষের কষ্ট লাঘবে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর পাশাপাশি পানিবাহিত রোগ বালাই থেকে বাঁচতে প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করেন। হঠাৎ পাওয়া এই সাহায্যে পানিবন্দি মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ শহিদুল ইসলামের পিতা মোবারক মন্ডল, ডার্মা ফার্মাসিউটিক্যালস এর প্ল্যান্ট ম্যানেজার মো নজরুল ইসলাম, এইচ আর এডমিন ম্যানেজার মো: তারেক আজিজ, ইন্জি. মো: হাসান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, পানিবন্দী মানুষের এই দুর্যোগ মুহূর্তে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসতে হবে। ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশনের এই মানবিক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
