ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩০
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

হবিগঞ্জে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প ও ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি: সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। সোমবার (১৩ জুলাই) বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প, ত্রাণ ও রান্না করা খাবার বিতরণের পাশাপাশি প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তির মাধ্যমে দুর্গম এলাকায় শুকনা খাদ্য ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়।

৫৫ বিজিবির উদ্যোগে আয়োজিত এ মানবিক কার্যক্রমে ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ২০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী এবং আরও ২০০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
মানুষের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত গবাদিপশুর চিকিৎসার বিষয়টিও গুরুত্ব পায়। পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পৃথক দল সারাদিন কাজ করে প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে।

এ কর্মসূচির সবচেয়ে ব্যতিক্রমী দিক ছিল ড্রোন প্রযুক্তির ব্যবহার। দুর্গম ও জলাবদ্ধ এলাকায় যেখানে নৌকা বা যানবাহনে পৌঁছানো কঠিন, সেখানে ড্রোনের মাধ্যমে শুকনা খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়। বিজিবির এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ দ্রুত, নিরাপদ ও কার্যকরভাবে ত্রাণ বিতরণে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

সমগ্র কার্যক্রমে নেতৃত্ব দেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি বিজিবির মানবিক ও প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ প্রত্যক্ষ করেন এবং সদস্যদের প্রশংসা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা।

জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, বিজিবির এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও ড্রোনের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রমে বন্যাকবলিত অসহায় মানুষ চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণের সুযোগ পেয়েছেন। একই সঙ্গে ত্রাণ ও নগদ সহায়তা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, বিজিবির এই সামাজিক ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চলমান ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা মোকাবিলায় হবিগঞ্জ বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বিজিবি নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ অব্যাহত রয়েছে। হবিগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের জীবন রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram