

মোঃ হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রাইভেট কার থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ওয়ারী জোনের যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ। রবিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ওয়াসিম, মো. পারভেজ হোসেন ও মো. সাইফুল ইসলাম। এ বিষয়ে সোমবার সকালে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ।
ওয়ারী জোনের যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সার্জেন্ট মো: আব্দুল্লাহ আল নোমানী বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেয়। গাড়িটি থামানোর পরপরই গাড়িতে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরবর্তীতে প্রাইভেটকারটি তল্লাশি করে এর পেছনের অংশ থেকে ৪৪ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ট্রাফিক যাত্রাবাড়ী জোন সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত তিনজন মাদক কারবারি, উদ্ধারকৃত ৪৪ কেজি গাঁজা এবং জব্দকৃত প্রাইভেটকারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু বলেন, আটককৃত মাদক কারবারীদের ট্রাফিক পিুলিশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এ ছাড়া তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
