

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক এম. নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই, ২০২৬) সকাল ১০টায় পৌর শহরের জিরো পয়েন্টে ছাগলনাইয়া প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মোঃ শেখ কামাল।
দৈনিক ডিজিটাল সময়'র সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন ও দৈনিক ফেনী'র ছাগলনাইয়া প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমেদ সিদ্দিকী, মোঃ মোস্তফা, আবুল হাসান ও কামরুল হাসান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির লিটন, আবদুল আউয়াল চৌধুরী, সাবেক সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া ও শাহ আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম নিলু, শাহ জিয়াউল হক রুবেল, কার্যকরী সদস্য মিলন খোন্দকার, সেপাল নাথ, পিনু শিকদার, এম দেলোয়ার হোসেন, কফিল উদ্দিন মজুমদার, জিয়াউল হক বাপ্পি, জয়নাল আবেদীন, শাখাওয়াত পাটোয়ারী, ছলিম উল্লাহ ভূঁইয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল আমীন, মিতুল চৌধুরী, কামরুল হাসান, কাজী মোঃ মহিব উল্লাহ, আবদুল হালিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, এই হামলা শুধু সজিবের উপর হামলা নয়, এটি সাংবাদিক সমাজের ওপর আঘাত। রিভলবার তাক করে সবীজকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে, বেদম মারধর করা হয়েছে, এক পর্যায়ে লাথি মেরে ফেনী নদীতে ফেলে দেয় অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের অস্ত্রধারী সন্ত্রাসীরা। সজিবকে মেরে নদীতে ভাসিয়ে দেওয়ার মতো নৃশংস পরিকল্পনা ছিল হামলাকারীদের যা স্বাধীন সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত। স্থানীয় লোকজন এগিয়ে আসায় তা সম্ভব হয়নি।
বক্তারা এ ঘটনায় ইতোমধ্যে ইমাম হোসেন ও ইউনুস নামে দুইজন আসামিকে গ্রেপ্তার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামি ও হামলার নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
