

কলাপাড়ায় (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী কলাপাড়া উপজেলার আলিপুর নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি লতাচাপলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নাঈমের স্ত্রী এবং চাঁদপুর জেলার খোরশেদ আলমের মেয়ে।
রবিবার সকালে ১০ টায় নিজ বাড়িতে মিলি আক্তারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামী নাঈম। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর তাদের বিয়ে হয়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
