

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো, চট্টগ্রাম ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার আব্দুল আজিজের পুত্র মো. ফিরোজ (৪৬) এবং মুন্সিগঞ্জ জেলার নয়ানগর এলাকার দুলাল মিয়ার পুত্র মো. মিলন গাজী।
বৃহস্পতিবার সকালে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় পরিচালিত অভিযানে চেকপোস্টে দায়িত্ব পালনকালে উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দুই ব্যক্তির একটি প্রাইভেট গাড়িতে সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করেন। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের প্রতিনিধি করা হয়।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় পুলিশ নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় দুই মাদক কারবারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে দাউদকান্দি মডেল থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদককারবারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
