

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনী নদীর পানির বর্তমান পরিস্থিতিসহ বন্যায় কবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাজী শামীম।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সোনাইপুল স্কেল মাঠের পশ্চিম পাশে অবস্থিত সীমান্তবর্তী ফেনী নদীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করাসহ নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদেরকে নদী থেকে কাঠ না ধরার জন্য সর্তক করেন। এসময় বন্যার শঙ্কায় থাকা বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন বন্যা কবলিত এলাকাসহ নদীর তীরবর্তী চিত্র পরিদর্শন করেন তিনি।
এছাড়াও তিনি ফেনীরকুল নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে চারটি বাড়িতে বন্যার পানি ঢুকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদসদের সঙ্গে কথা বলেন এবং তাদের সবাইকে নিরাপদ আশ্রয়ণ কেন্দ্রে পাঠান।
এসময় তিনি আরও বলেন, উপজেলার ২টি ইউনিয়নের বন্যার পানির পাশাপাশি পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করা পরিবার গুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। সেই সাথে বন্যা কবলিত ও পাহাড় ধসের এলাকার বাসিন্দাদের জন্য শুকনো খাবার ব্যবস্থা করা হয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রামগড় পৌরসভার প্রকৌশলী অর্নব চাকমাসহ পৌরসভার কর্মচারীগণ।
