

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সরকারি আবাসন প্রকল্পে এক শারীরিক প্রতিবন্ধী নারীকে (৩৫) নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে সজিব ওরফে কালাই (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুধবার (৮ জুলাই) রাতে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেছেন। পরে পুলিশ সজিবকে গ্রেফতার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দা। বুধবার তিনি তার নিজ বসতঘরে অবস্থান করছিলেন। এ সময় একই এলাকার শাহজাহানের ছেলে সজিব ওরফে কালাই কৌশলে ওই নারীর ঘরে প্রবেশ করে। এরপর সে ওই নারীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষণের সময় আত্মরক্ষার্থে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করেন। তার ডাক-চিৎকার শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত যুবক সজিব ওরফে কালাই তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যায়।
মামলা গ্রহণের কথা স্বীকার করে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, মামলা গ্রহণের পরপরই অভিযুক্ত সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।
