

লালমনিরহাট প্রতিনিধি: এক মাস মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। বৃহস্পতিবার সকাল ১১টায় তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট কে এম হুমায়ূন রেজা স্বপন এক লিখিত বক্তব্যে বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও জোরালো করতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে লালমনিরহাট জেলা আইনজীবী সমিতি। আজ থেকে এক মাসের জন্য মাদক ও জুয়া আইনে গ্রেপ্তার হওয়া কোনো আসামির জামিন আবেদন বা আইনি সহায়তা করবেন না সমিতির সদস্যরা।
লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক, জুয়া, যৌতুক, বাল্যবিবাহ ও দুর্নীতিসহ সামাজিক অপরাধ প্রতিরোধে "আলোকিত লালমনিরহাট" নামে যে সামাজিক আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা জানান, সামাজিক অপরাধ দমনে রাষ্ট্রের যেকোনো ইতিবাচক উদ্যোগে ভবিষ্যতেও পাশে থাকবে জেলা আইনজীবী সমিতি। প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণেরও প্রস্তুতি রয়েছে তাদের।
সংবাদ সম্মেলনে জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
