

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শের মোহাম্মদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ বুধবার বেলা সোয়া ১১টার সময় উপজেলার নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শের মোহাম্মদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় শের মোহাম্মদ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেন। তিনি জানান, মোটরসাইকেল চালক ময়েন আলীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
