

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: মো. সাইফুল ইসলাম (২৬) মানসিক প্রতিবন্ধী হলেও মোটামুটি কাজ কর্ম করতে পারেন। শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে আসতেন প্রতিদিন। কিন্তু গত শনিবার (৪ জুলাই) সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। প্রতিবন্ধী ও সহজ সরল প্রকৃতির সাইফুল ইসলামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর ভাগল গ্রামে। সে ওই গ্রামের মোহাম্মদ আলী ও মনি বেগম দম্পত্তির ছেলে। প্রতিবন্ধী এই যুবক নিখোঁজ হওয়ার ৫ দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান না পেয়ে পরিবারের অন্য সদস্যরা পাগলপ্রায়।
নিখোঁজ সাইফুল ইসলামের মা মনি বেগম ও ভাই মহসিন জানান, সাইফুল ইসলাম মানসিক প্রতিবন্ধী। তবে নিজের কাজগুলো ভালোভাবে করতে পারে। কোথায় গেলে পথ চিনে বাড়ি ফিরতে পারে। কিন্তু গত শনিবার (৪ জুলাই) সকালে বাড়ি থেকে বের হয়ে যায়, আর ফিরে আসেনি। তাঁরা ভেবেছিলেন, হয়তো একটু পরেই ফিরে আসবে সাইফুল। কিন্তু এরপর আর কোনো খোঁজ মেলেনি।
তারা আরও বলেন, আত্মীয়স্বজন, হাসপাতাল ও আশপাশের গ্রাম সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও তাকে পাইনি। সাইফুল ইসলামকে খুঁজে পেতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবার। কেউ সাইফুল ইসলামের সন্ধান পেলে জানানোর আকুতি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, সাইফুল ইসলাম নিখোঁজের ডায়েরি বুধবার (৮ জুলাই) থানায় হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে, তাকে খুঁজে বের করতে আন্তরিকতার সাথে কাজ করছে পুলিশ।
