

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার এক যুবককে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার এবং নির্যাতনের মাধ্যমে মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মূলহোতা মো. সেলিম রানা (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-৩ (টাঙ্গাইল) জানায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা প্রায় ৬টা ৫০ মিনিটে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং র্যাব-১০, সদর কোম্পানির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম রানা টাঙ্গাইল জেলার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার মহিষমারা এলাকার বাসিন্দা নজর আলীর ছেলে রাজু মিয়া (২০) এবং ভাতিজা রানা হামিদ (২৫) কে কম্বোডিয়ায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান সেলিম রানাসহ একটি চক্রের সদস্যরা। এজন্য ২০২৫ সালের ৩ জানুয়ারি নজর আলীর কাছ থেকে নগদ ১৪ লাখ টাকা গ্রহণ করে তারা দুই যুবককে ট্যুরিস্ট ভিসায় কম্বোডিয়ায় পাঠায়।
কম্বোডিয়ায় পৌঁছে ভুক্তভোগীরা জানতে পারেন, তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সেখানে কোনো কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন তারা। অভিযোগ রয়েছে, পরে অভিযুক্তরা তাদের পাসপোর্ট কেড়ে নেয় এবং বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালায়। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে রাজু মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা নজর আলী বাদী হয়ে গত ৬ জুন ২০২৬ টাঙ্গাইলের মির্জাপুর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬-এর ৬/৯/২২ ধারায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর র্যাব-১৪ ঘটনার ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত সেলিম রানার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত সেলিম রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইলের মধুপুর থানায় হস্তান্তর করা হবে।
