

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া খাতুন (৫০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামী মো. ইসমাইল হোসেন (৫৫) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হরগজ ইউনিয়নের হরগজ বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার সকালে সুফিয়া খাতুনের মৃত্যুর খবর পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীকে থানায় নেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। নিহতের ছেলে ইসরাফিল (২৫) দাবি করেন, তাঁর মা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং আত্মহত্যা করেছেন। তবে নিহতের বড় ভাই রমজান আলীর দাবি, এটি আত্মহত্যা নয়। তাঁর ভাষ্য, সুফিয়া খাতুনকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের শাস্তির দাবি জানান।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, নিহতের হাত ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
