

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের বোটসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহভাজন কাঠের বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (জিয়ান) (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) এবং মো. বাদশা (২০)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকায়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান দমনে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমুদ্র ও উপকূলকে নিরাপদ রাখতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান আরও জোরদার করা হবে।
