

অতুল পাল, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: বাউফলে প্রায় ৬ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনার বিভিন্ন প্রজাতির বীজ, গাছের চারা ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের সভাপতিত্বে এক উদ্বোধনী অনুষ্ঠানে ওই প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাসুদ প্রান্তিক কৃষকদের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরে বলেন, সংসদে স্পিকার, সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা বলেন আমি কৃষক পরিবারের সন্তান। সবাই যদি কৃষক পরিবারের সন্তান হয় তাহলে দেশের কৃষকদের এই দুরবস্থা কেনো! কৃষকদের দুঃখ দুর্দশার কথা শুনেও সেগুলো বাস্তবায়ন করতে পারি না।
কৃষি ও কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্য সরকারের কাছে কৃষকবান্ধব কয়েকটি প্রস্তাব উল্লেখ করে তিনি বলেন, কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ, প্রণোদনা ও ভর্তুকি বাড়ানো, ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত এবং ফসল সংরক্ষণের জন্য সংরক্ষণাগার নির্মাণ করতে হবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বলে এ বছরের মধ্যে চলে আসবে। আমি বলি, আপনার কষ্ট করে আসতে হবে না, বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে আসবে এবং এই বছরই সরকারকে তার ফাঁসি কার্যকর করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শফিকুল ইসলাম মাসুদ এমপি, উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ ও কৃষি কর্মকর্তা মো. মিলন প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন।
উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৬ হাজার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ৫ কেজি উফশী আমন বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১৫০৫ জন কৃষকের মাঝে বিভিন্ন গাছের চারা ও ৩৫০ জনের মাঝে মরিচ প্রণোদনা বিতরণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন বলেন, আনুষ্ঠিকভাবে উদ্বোধনের পর কৃষকদের মাঝে প্রণোদনার বীজ, সার, গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নের কৃষকদের মাঝে বিতরণ করা হবে।
