

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পেশাগত দায়িত্ব পালনের জেরে দৈনিক সকালবেলার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। বুধবার (১ জুলাই) বিকাল ৬টার দিকে ধলাই-বগাদিয়া বাজারে আজাহার ও আইয়ুব রেজা চৌধুরীর নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ফাটিয়ে দিলে তিনি রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন। বর্তমানে তিনি মিঠামইন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ওমর ফারুক জানান, এলাকার সন্ত্রাসী কর্মকাণ্ড ও জেলে সাইদুল হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের পাশাপাশি সম্প্রতি ফেসবুকে মাদক ও সন্ত্রাসের প্রতিকার নিয়ে একটি লাইভ ভিডিও করায় স্থানীয় একটি চক্র তার ওপর ক্ষুব্ধ ছিল। তারই জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। এলাকাবাসী এগিয়ে না এলে তিনি বাঁচতেন না উল্লেখ করে ওমর ফারুক এই বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার দাবি করেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এদিকে, সাংবাদিক ওমর ফারুকের ওপর এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
