

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে অবৈধ মজুতদার আব্দুল লতিফের বাড়ি থেকে ৩০০ বস্তা সার উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১ জুলাই) রাতে উপজেলার শিবরামপুর গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে আব্দুল লতিফের বাড়িতে এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে আব্দুল লতিফের বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ৩০০ বস্তা সার উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উদ্ধার করা সারগুলো সরকারের অনুকূলে জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে সার মজুত করার অপরাধে আব্দুল লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে অবৈধভাবে সার মজুত করে বেশি দামে কৃষকদের কাছে বিক্রি করে আসছিলেন।
অভিযানে উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুল মমিনসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
