

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা ও বিদ্রোহের অমর বাণী নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশব্যাপী আয়োজিত নজরুলবর্ষ উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল গোপালগঞ্জ জেলাও। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এই কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গোপালগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের অতিথি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
গোপালগঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক, গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিচালক ডাঃ জীবিতেষ বিশ্বাস এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোভন সরকার।
এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেশব্যাপী তিন দিনব্যাপী নজরুলবর্ষ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নজরুলসংগীত পরিবেশনা এবং শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
গোপালগঞ্জ উদীচী শিল্পীগোষ্ঠীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও আদর্শ সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন।
