

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বিশিষ্ট সাংবাদিক ও লেখক এম দিলদার উদ্দিন মারা গেছেন। গতরাত আড়াইটার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি 'হাতিয়া কন্ঠ' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং অসংখ্য গল্প-কবিতা, প্রবন্ধ রচনা করেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
আজ বৃহস্পতিবার (০২ জুলাই) বাদ আছর নোয়াখালীর কালিতারা এলাকায় তাঁর বাড়ি সংলগ্ন মসজিদের সামনে দিলদার উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে তাঁকে সমাহিত করা হবে।
এম দিলদার উদ্দিন নোয়াখালীর হাতিয়া উপজেলার ছৈয়দিয়া এলাকার মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে। গত কিছুদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবার।
স্বনামধন্য এই লেখক ১৯৮৪ সালে 'দ্বীপচিত্র' নামে একটি মাসিক সংবাদপত্র বের করেন। যা হাতিয়া থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। এটিই পরে 'হাতিয়া কন্ঠ' রূপে পুনর্জন্ম নেয়।
তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে হাতিয়া প্রেসক্লাব। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
