

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় অঞ্চল রক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে সোনাতলা ব্রিজে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর ‘নিরাপদ জীবন-জীবিকা’ প্রকল্পের আওতায় যুব স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি হয়। আন্তর্জাতিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডসের সহায়তায় আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা “Climate Justice Now”, “Loss and Damage Fund কার্যকর করতে হবে, আমাদের বাঁচান, উপকূল বাঁচান”সহ নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এ সময় বক্তব্য দেন, মানববন্ধনে প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ, অর্গানাইজার এলবাট শোভন বিশ্বাস, সাথী রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর মাসুম বিল্লাহ, রাবেয়া আক্তার, যুব স্বেচ্ছাসেবক দলের সদস্য সামিউল ইসলাম, মো. শাহিন, মেশকাত, ইতি বিশ্বাস, মারিয়া ও তামান্নাসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হলেও সংকট সৃষ্টিতে তাদের কোনো ভূমিকা নেই। উন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণই বৈশ্বিক জলবায়ু সংকটের মূল কারণ। তাই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য ন্যায্য ক্ষতিপূরণ, পৃথক জলবায়ু তহবিল গঠন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ জরুরি। তারা আরও বলেন, নিরাপদ জীবন ও জীবিকার অধিকার নিশ্চিত করতে তরুণদের জলবায়ু সচেতনতা বাড়াতে হবে এবং দুর্যোগ-সহনশীল সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
