

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। এরমধ্যে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন দশম শ্রেণির দুই শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর থেকে তারা নিখোঁজ রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন- সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই ওই এলাকার সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। এছাড়াও মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ যুবকের নাম মো.সাকিরুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা নদীর আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু বিকাল ৫ টা পর্যন্ত তাদের মরদেহ উদ্ধার করা যায়নি।
অন্যদিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হোন সাকিরুল ইসলাম। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বলেন, পদ্মায় দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। সেখানে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসসহ স্থানীয়দের সহযোগিতা করছে পুলিশ।
