

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
গতকাল রোববার (২৮ জুন) রাত পৌনে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত কালিকচ্ছ বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে।
স্থানীয়রা জানান, সূর্যকান্দি গ্রামের মোশারফের পক্ষ এবং ধরন্তী গ্রামের খাদিম মিয়ার লোকজনের মধ্যে মাছ ধরার পাটি কেনার পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। পাশাপাশি এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় খাদিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
