

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, সুস্থ ও সবল আগামী প্রজন্ম গড়তে হলে শিশুদের শতভাগ ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে। এটি শুধু অন্ধত্বই দূর করে না, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দেয়। আত্রাইয়ের কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমি সকল অভিভাবককে তাদের সন্তানদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানাচ্ছি।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম বলেন, আমরা শতভাগ শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় আনতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। খালি পেটে কিংবা অসুস্থ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো যাবে না। প্রত্যন্ত অঞ্চলের অভিভাবকরা যেন তাদের শিশুদের কেন্দ্রে নিয়ে আসেন, সেজন্য আমাদের ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আশা করি সবার সহযোগিতায় আত্রাইয়ে এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানা যায়, এবার উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৯৩টি কেন্দ্রে এই কর্মসূচি একযোগে পরিচালিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনে উপজেলায় মোট ২৫ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২ হাজার ২৮৪ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৩ হাজার ২৭৪ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য মোট ৩৮৬ জন স্বেচ্ছাসেবী ও নিয়োজিত কর্মী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো. তরিকুল ইসলাম, প্রধান সহকারী মো. শাহী আলম, ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস এবং এমটি (ইপিআই) মো. রিয়াজুল ইসলাম রাজীবসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
