

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে গোপালগঞ্জ জেলা যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জেলা শহরের বিসিক এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতির সামনে এসে শেষ হয়। প্রতিবাদ মিছিলে যুবদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।
পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান, ফরিদপুর বিভাগীয় পর্যবেক্ষণ কমিটির প্রধান ও কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ-সভাপতি সাব্বির আহম্মেদ দিপু, সহ-সভাপতি মনিরুল ইসলাম সোহাগ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রাসেকুজ্জামান পলাশ বক্তব্য রাখেন।
গোপালগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার অহবান জানিয়ে বক্তারা বলেন, ফ্যাসিস্টবাহিনী দেশকে অস্থীতিশীল করার চেষ্টা করছে। অপপ্রচার করে এদেশের মানুষকে বিভ্রান্ত করা যাবে না। যারা এসব অপকর্ম করবে তাদেরকে ধরে আইনের আওতায় সোপর্দ করা হবে।
