

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর বাজার ও সিরাজপুর ইউনিয়নে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বুধবার (২৪ জুন) বিকাল ৫:১৫ টা থেকে সন্ধ্যা ৬:৫০ টা পর্যন্ত এই অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অভিযান সূত্রে জানা যায়, এক ভোক্তার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বসুরহাট পৌর বাজারের 'আজমীরী হোটেল এন্ড রেস্টুরেন্ট'-এ অভিযান চালায় মোবাইল কোর্ট। এ সময় বৈধ লাইসেন্স ছাড়া হোটেল ব্যবসা পরিচালনা করা এবং ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশের সত্যতা মেলায় হোটেল ম্যানেজারকে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯' অনুযায়ী ১০হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
পরবর্তীতে আরেক ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে সিরাজপুর ইউনিয়নের 'তালের চারা' নামক স্থানের "আবুল স্টোরে" অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই দোকান থেকে প্রায় ১৯টি আইটেমের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য উদ্ধার করা হয়, যেগুলোর মেয়াদ গত ২০২৫ সালেই শেষ হয়ে গিয়েছিল। জব্দকৃত এসব পণ্যের মধ্যে বিভিন্ন কোম্পানির কোক, জুস, বিস্কুট, চিপস, চানাচুর, সরিষার তেল, ড্রাই কেক, ঝাল মুড়ি, ইনস্ট্যান্ট নুডলস এবং বিরিয়ানি মশলা উল্লেখযোগ্য।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানদারকে একই আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উদ্ধারকৃত সমস্ত মালামাল জনসম্মুখে বিনষ্ট করা হয়। অভিযুক্ত উভয় পক্ষই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছেন বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
