

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রকল্পের মাধ্যমে যন্ত্রপাতি কেনাকাটায় শতভাগ অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
বুধবার সকালে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসনোগ্রাফি, মেডিসিন বিভাগসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন বিভাগে স্বাস্থ্য পরীক্ষার যন্ত্রপাতি অকেজো পড়ে থাকতে দেখে অসন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্পের মাধ্যমে যেসব যন্ত্রপাতি কেনাকাটায় শতভাগ অনিয়ম ও দুর্নীতি হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার বেশিরভাগ যন্ত্রপাতি অকেজো পড়ে থাকায় রোগীরা সঠিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন না। সরেজমিন পরিদর্শনকালে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) মেশিন অকেজো পড়ে থাকতে দেখেন। এই মেশিনটি স্থাপনের শুরু থেকেই অকেজো হয়ে পড়ে থাকায় কোন কাজেই আসছে না। এছাড়া, সিটি স্ক্যান মেশিন, আল্ট্রা সনোগ্রাম মেশিন, এক্সরে মেশিনও খারাপ অবস্থায় রয়েছে। এসব দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালে স্বাস্থ্য বিভাগের ঢাকা বিভাগীয় পরিচালক জাহাঙ্গীর হোসেন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা.আইভী ফেরদৌসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
