

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাসফিরুল ইসলাম এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় অবৈধ সংযোগ দেওয়ায় দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, রাত বা দিনে প্রকাশ্যে চন্দ্রা তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারী এলাকার কিছু দালাল চক্রের যোগসাজশে অবৈধভাবে তিতাস গ্যাস লাইন সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা এমনি অভিযোগ এলাকাবাসীর। যার ফলে বৈধ লাইনে বেশিরভাগ গ্যাস সংকটে পড়েছে স্থানীয়রা। এছাড়া মাঝে মাঝে উর্ধ্বতন কর্মকর্তাদের চাপে স্থানীয় চন্দ্রা গ্যাস অফিসের কর্মকর্তারা লোক দেখানো অভিযান চালায় বলে অভিযোগ এলাকাবাসীর। উপজেলার বিভিন্ন এলাকার বাসাবাড়িতে অধিকাংশ গ্যাস সংযোগ অবৈধ রয়েছে। তারি ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে হাবিবুর রহমানকে ১ লাখ ও সুমন ফরাজীকে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় ও ১শ ৫০ টি অবৈধ রাইজার ও ৩শ ৮০ মিটার পাইপ জব্দ করা হয়।
চন্দ্রা তিতাস গ্যাস ট্রান্সমিশন জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আল মামুন জানান, অবৈধ সংযোগের সাথে অফিসের কোন লোকজন জড়িত থাকলে প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তাসফিরুল ইসলাম জানান, গ্যাস চুরি ও অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর চন্দ্রা তিতাস গ্যাস ট্রান্সমিশন জোনাল অফিসের প্রকৌশলী আল মামুন, ব্যবস্থাপক ইমার্জেন্সি আমিনুল তালুকদার, উপ ব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল আরেফিন, সহকারী প্রকৌশলী সাবিনুর রহমানসহ পুলিশ সদস্যরা।
