ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

বাগাতিপাড়ায় বিদ্যালয়ের পাশেই বিটুমিন পোড়ানো ধোঁয়া-গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক সংস্কার কাজে ব্যবহৃত বিটুমিন পোড়ানোর ধোঁয়া ও তীব্র গন্ধে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি উপেক্ষা করে বিদ্যালয়ের পাশেই নির্মাণসামগ্রী রেখে কাজ করায় পাঠদান ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা এলজিইডির আওতাধীন জামনগর ডিগ্রি কলেজ থেকে করমদোশী বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান গত ১৭ জুন চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত নাটোর সুগার মিলের আওতাধীন জামনগর চৌধুরীপাড়া আখ সেন্টারের মাঠে পাথর, বিটুমিনসহ নির্মাণসামগ্রী মজুত করে।

বুধবার (২৪ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের দক্ষিণ পাশের মাঠে পাথর ও বিটুমিন মেশানোর কাজ চলছে। পাশে স্থাপিত চুলায় বিটুমিন গলানো হচ্ছে। জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গার্মেন্টসের ঝুট, যার ফলে কালো ধোঁয়া ও ছাই বাতাসে ছড়িয়ে বিদ্যালয় ভবনের আশপাশে ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে যন্ত্রের বিকট শব্দে পাঠদানের পরিবেশও বিঘ্নিত হচ্ছে।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী স্ত্রী সানিধ্য পাল জানায়, পিচ পোড়ানোর গন্ধ ও কালো ধোঁয়ার কারণে শ্রেণিকক্ষে বসে থাকা কষ্টকর হয়ে উঠেছে। পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী বলে, আগে বিরতির সময় মাঠে খেলাধুলা করলেও এখন ধোঁয়া ও কাজের কারণে মাঠ ব্যবহার করা যাচ্ছে না। শ্বাসকষ্টে ভোগা আরেক শিক্ষার্থী জানায়, বিটুমিনের ধোঁয়ায় তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়।

চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিনুল ইসলাম বলেন, “বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি। মাঠে নির্মাণসামগ্রী রেখে কাজ করায় শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে।

সহকারী শিক্ষিকা হাসিনা বানু বলেন, বিটুমিনের কালো ধোঁয়ায় চোখ জ্বালা করছে। ঠিকমতো শ্বাস নিতে পারছি না। জানালা-দরজা বন্ধ করে এই গরমের মধ্যে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না।

অন্য সহকারী শিক্ষিকা ফাহিমা খাতুন ও ফিরোজা খাতুন বলেন, ধোঁয়া ও মেশিনের বিকট শব্দের কারণে স্বাভাবিকভাবে পাঠদান করা কঠিন হয়ে পড়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী সবাই দুর্ভোগের শিকার হচ্ছেন।

এদিকে সড়ক সংস্কার কাজের দায়িত্বে থাকা কার্য সহকারী মো. বাবুল আক্তার বলেন, বাতাসে হালকা ধোঁয়া যাচ্ছে। উন্নয়নমূলক কাজে কিছুটা সমস্যা হতে পারে।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী আশরাফ বলেন, খবর পেয়ে দ্রুত ইউএনও কে অবগত করা হয়েছে। ইউএনও উপস্থিত উপজেলা এলজিইডি অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন।

তবে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে বিদ্যালয় এলাকার বাইরে নির্মাণসামগ্রী সরিয়ে সড়ক সংস্কারের কাজ পরিচালনা করা হোক। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram