

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ঢুলিভিটা এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল রোডস অ্যান্ড হাইওয়ের জমি অবৈধভাবে দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছিল। বিষয়টি নিয়ে প্রশাসনের নজরে আসার পর জমি উদ্ধার করতে উদ্যোগ নেওয়া হয়।
গতকাল (পূর্বের দিন) মোবাইল কোর্ট পরিচালনার জন্য ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ান আহমেদ রাফি ঘটনাস্থলে গেলে উচ্ছেদ অভিযানে বাধা প্রদান করা হয় বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে আজ পুনরায় কঠোর অবস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন, ঢাকা-২০ সংসদ সদস্য তমিজ উদ্দিন আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী এবং ধামরাই থানা পুলিশের সদস্যরা। অভিযানে অবৈধ স্থাপনা সম্পূর্ণরূপে উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগের জমি দখলমুক্ত করা হয়।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী বলেন, “সরকারি জমি অবৈধভাবে দখল করে কোনো স্থাপনা গড়ে তুলতে দেওয়া হবে না। মহাসড়কের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উচ্ছেদ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানান।
