ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৯
logo
প্রকাশিত : জুন ২৪, ২০২৬

দীর্ঘ ২২ মাস পর দায়িত্ব ফিরে পেলেন তিতাসের মজিদপুর ইউপি চেয়ারম্যান

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম সরকার প্রায় সাড়ে ২১ মাস পর দায়িত্ব ফিরে পেলেন। হাইকোর্টের নির্দেশনা ও স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের পর জেলা প্রশাসন তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছে।

বুধবার (২৪ জুন) সকালে প্রশাসক ও ইউপি সচিব আনোয়ার হোসেন তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি সচিব আনোয়ার হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে তার চেয়ারম্যানের প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।

পরে চেয়ারম্যান জাহাঙ্গীর হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। শুনানি শেষে আদালত তাদের পক্ষে রায় দেন। আদালতের নির্দেশনা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে কুমিল্লা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা গত ২১ জুন এক অফিস আদেশ জারি করে তাকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে।

আদেশ অনুযায়ী, মো. জাহাঙ্গীর আলম সরকার মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পেয়েছেন।

এ বিষয়ে চেয়ারম্যান জাহাঙ্গীর বলেন, “নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পূর্ণ দায়িত্ব ফিরে পেতে আমি হাইকোর্টে পৃথক রিট পিটিশন দায়ের করেছিলাম। প্রায় ১ বছর ১০ মাস পর আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন আমাদের পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার প্রতি।

তিনি আরো বলেন, আজ থেকে আমি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছি।

উল্লেখ্য, জাহাঙ্গীর আলম সরকার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০২১ সালে স্থানীয় সরকার নির্বাচনে নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram