

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নিউমার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।
আজ বুধবার সকাল প্রায় সাড়ে ৮টার দিকে জেলা শহরের নিউমার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ফায়ার সার্ভিস জানায়, সকালে মার্কেট খোলার আগেই নিউমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোরে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। পরে আগুন ছড়িয়ে পড়ে ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সদর উপজেলার তিনটি, শিবগঞ্জের দুটি ও নাচোলের একটি মিলে মোট ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে চারটি দোকানের পুরো আসবাবপত্র ও পোশাক আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও আগুনের ধোঁয়ায় অন্তত আরও কয়েকটি দোকানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের পুরো আসবাবপত্র ও পোশাক আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এ ছাড়াও আগুনের ধোঁয়ায় অন্তত আরও ৮-১০টি দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
